প্রথমবারের জন্য সিদ্ধার্থ আনন্দের ফাইটার-এ একসঙ্গে দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। এর আগে ছবির গান ‘ইশক য্যায়সা কুছ’-এ উঠে এসেছিল হৃতিক-দীপিকার উষ্ণ রসায়ন। এবার সামনে এল পাইলট থিম সং ‘হীর আসমানি’-এর টিজার। হৃতিক রোশন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘হীর আসমানি’র টিজার প্রকাশ্যে আনলেন। টিজারে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে বায়ুসেনার ইউনিফর্মে দেখা গেছে। উড়ানের প্রস্তুতি নিতে দেখা গেল স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া (হৃতিক রোশন) ও স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর (দীপিকা পাড়ুকোন) কে। গানের টিজারের পরবর্তী অংশে উটে এসেছ হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়ের মধ্যে বন্ধুত্বের সংক্ষিপ্ত ঝলক রয়েছে। আগামী ৮ জানুয়ারি গানটি মুক্তি পাবে। ছবির ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘মাটির মানুষরা কোনওদিন বুঝতে পারবে না, আমার ভালোবাসা আকাশ (হীর আসমানি)! গানটি মুক্তি পাচ্ছে ৮ জানুয়ারি!’