ফারাক্কার পর বীরভূম, দুই জেলাতেই একই ছবি । সভার আয়োজন থাকলেও ভিড় নেই, ফাঁকা চেয়ার আর শেষমেশ সাংবাদিক সম্মেলন করে ফিরে যাওয়া ! আম জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবীরের প্রচারে এই ধারাবাহিক ‘ব্যর্থতা’ ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার বীরভূমের রামপুরহাট মহকুমার মাড়গ্রামে সভা করার কথা ছিল তাঁর। হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট সইদুল জামানের সমর্থনে প্রচারে যাওয়ার পরিকল্পনা ছিল জোরকদমে । হেলিকপ্টারে পৌঁছনোর কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে শেষমেশ সড়কপথেই সভাস্থলে পৌঁছন হুমায়ুন । কিন্তু সেখানে গিয়েই ধাক্কা-প্রায় ফাঁকা মাঠ, সারি সারি চেয়ার খালি ! অবশেষে নির্ধারিত সভা না করেই তিনি হেলিপ্যাডে গিয়ে অল্প কয়েকজন সমর্থকের সঙ্গে কথা বলেন । এরপর মাড়গ্রাম থেকে ফিরে রামপুরহাটের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন । সভা বাতিলের কারণ হিসেবে হুমায়ুনের অভিযোগ, “হাঁসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখের দলবল সাধারণ মানুষকে হুমকি দিয়ে সভায় আসতে দেয়নি ।” তাঁর আরও দাবি, ” বীরভূমে বিরোধীদের কাজ করার পরিবেশ নেই । এখানে একটাই বাঘ- অনুব্রত মণ্ডল । তাঁর বাইরে কাউকে জায়গা দেওয়া হয় না ৷”