নোভেল করোনা ভাইরাসের রোগীদের শরীরে হাইড্রক্সিক্লোরোকুইনের কোনও কার্যকরী ভূমিকাই নেই। সংক্রমণ সারাতে পারে না এই ওষুধ, এমনকি সঙ্কটাপন্ন কোভিগ রোগীদের মৃত্যুর ঝুঁকিও কমাতে পারে না, ক্নিনিকাল ট্রায়ালের রিপোর্টে এমনটাই দাবি করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। গত মে মাসেই করোনা চিকিত্সায় হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল শুরু করেছিল অক্সফোর্ড। গবেষকরা জানিয়েছিলেন, দুইভাবে এই ওষুধের ট্রায়াল চলবে। প্রথমত প্রফিল্যাক্সিস ড্রাগ হিসেবে এই ওষুধের ট্রায়াল হবে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি যাঁদের সবচেয়ে বেশি তাঁদের উপরে প্রয়োগ করা হবে এই ওষুধ। দ্বিতীয়ত, করোনা রোগীদের এই ওষুধ খাইয়ে তার প্রভাব পর্যবেক্ষণ করা হবে। এই ক্লিনিকাল ট্রায়ালের রিপোর্ট সামনে এনেই অক্সফোর্ডের গবেষকরা দাবি করেছেন, হাসপাতালে ভর্তি করোনা রোগীদের উপরে কন্ট্রোলড ট্রায়াল করা হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইনের। কিছু রোগীকে এই ওষুধ খাওয়ানো হয়, বাকিদের হয়নি। যাদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছিল তাদের মধ্যে ২৬ শতাংশ রোগীরই মৃত্যু হয়েছে। অক্সফোর্ডের অধ্যাপক এবং এই ক্লিনিকাল ট্রায়ালের চিফ ইনভেস্টিগেটর পিটার হর্বে বলেছেন, দুঃখের বিষয় কোভিড সারাতে হাইড্রক্সিক্লোরোকুইনের কোনও ভূমিকাই দেখা যায়নি। বরং এই ওষুধের ডোজের কমবেশি করে দেখা গেছে অনেকের শরীরেই নানারকম পার্শ্বপ্রতিক্রিয়া বা ড্রাগের অ্যাডভার্স সাইড এফেক্ট হয়েছে। করোনা চিকিত্সায় হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে তর্জা চলছেই। কোভিড সংক্রমণ সারাতে ম্যালেরিয়ার প্রতিষেধকের সত্যি কোনও কার্যকরী ভূমিকা আছে কিনা সেই নিয়ে প্রামাণ্য তথ্য এখনও মেলেনি।

