কৃত্রিম বুদ্ধিমত্তার যত অগ্রগতি হচ্ছে ততই বাড়ছে সেমিকন্ডাক্টারের ব্যবহার ৷ আর এবার এই শিল্পতেই ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার নরেন্দ্র মোদি জানান, সেমিকন্ডাক্টার তৈরিতে ভারত যাতে সব সংস্থার পছন্দের গন্তব্য হয়ে ওঠে তার জন্য সমস্ত পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার ৷ দিল্লিতে শুরু হয়েছে SEMICON India ৷ যেখানে আজ অর্থাৎ 17 সেপ্টেম্বর ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাঁর বক্তব্য, দেশের সেমিকন্ডাক্টার ইকোসিস্টেম ব্যাপকভাবে বাড়ছে ৷ নতুন নতুন সংস্থা বিনিয়োগ করছে এবং ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৷ তিনি বলেন, “ভারতের অর্থনীতি ব্যাপকভাবে বাড়ছে ৷ সেই কারণে ভারতের প্রতি গোটা বিশ্বের বিশ্বাস বাড়ছে ৷” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের সেমিকন্ডাক্টার মিশন 2.0-এ বরাদ্দ বাড়িয়ে 13.5 বিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে ৷ যা প্রথম পর্যায়ে ছিল 8 বিলিয়ন মার্কিন ডলার ৷ এখনও পর্যন্ত 12 টি চিপ তৈরির প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ পরবর্তী ধাপে আরও বৃদ্ধি করা হবে ৷” এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, সেমিকন্ডাক্টার তৈরির জন্য বিশ্বের সংস্থাগুলি এখন বিশ্বাসযোগ্য লোকেশন পছন্দ করে ৷ সেক্ষেত্রে ভারত এগিয়ে থাকার জন্য নিজেকে তৈরি করছে ৷ আজ এই ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী SEMICON India 2026-এর এগজ়িবিশন কেন্দ্রে পৌঁছন এবং পুরো এলাকা ঘুরে দেখেন ৷ সেখানে উপস্থিত অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ 17 সেপ্টেম্বর 2026 অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই এগজিবিশন চলবে 19 সেপ্টেম্বর 2026 পর্যন্ত ৷ যেখানে সেমিকন্ডাক্টার শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করবে ৷ এছাড়ও নীতিগত আলোচনা এবং আন্তর্জাতিক পার্টনারশিপ নিয়েও আলোচনা হবে ৷ তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রক (MeitY) এর তরফে জানানো হয়েছে, এই কনফারেন্সের আয়োজন করেছে India Semiconductor Mission (ISM) এবং গ্লোবাল ইন্ডাস্ট্রি বডি SEMI ৷ এই সেমিনারের থিম Silicon to Systems: Building the Ecosystem ৷
MeitY-র তরফে জানানো হয়েছে প্রায় 600 জন ওই সেমিনারে অংশ নেবেন ৷ তারমধ্যে রয়েছে বিশ্বের 300 টি সংস্থা ৷ মোট 15 হাজার স্কয়্যার মিটার জায়গার উপর এটি আয়োজন করা হয়েছে ৷ উপস্থিত থাকবেন 150 জন বক্তা ৷ মোট ছ’টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ৷ স্টার্টআপ, পড়ুয়াদের জন্য হ্যাকাথন এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের জন্য আলাদা আলাদা বিভাগ রাখা হয়েছে ৷

