banganews.net

সংযুক্ত আরব আমিরশাহীর (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এই হামলায় ছয়জন ভারতীয়-সহ আরও আটজন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ওমানের জলসীমায় প্রণালীটির দক্ষিণ পথ দিয়ে যাওয়ার সময় ‘মোম্বাসা’ এবং ‘আল বাহিয়া’ নামের তেলবাহী জাহাজ দুটিকে লক্ষ্য করে হামলা করা হয়। প্রতিবেদন অনুসারে, নিহত ভারতীয় নাবিক মোম্বাসাগামী জাহাজটিতে ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ছয়জন ভারতীয় ও দুইজন ইউক্রেনীয়-সহ আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ট্যাংকারেই আগুন লেগে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে নাবিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সংযুক্ত আরব আমিরশাহী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে “আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও সুস্পষ্ট অবমাননা” এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি বলে অভিহিত করেছে। সংযুক্ত আরব আমিরশাহী সরকার স্পষ্ট করেছে যে, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জবাব দেওয়ার পূর্ণ অধিকার দেশটির রয়েছে এবং এর সার্বভৌমত্ব, নাগরিক, বাসিন্দা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে যে, তাদের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। বিবৃতিতে বলা হয়েছে, “সংযুক্ত আরব আমিরশাহী যেকোনো হুমকি মোকাবেলা করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর জবাব দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত।”

হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টাকারা দুটি জাহাজের উপর ইরানের রক্ষীবাহিনী সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে গুলি চালিয়েছে বলে ইরানের দাবির পর সংযুক্ত আরব আমিরশাহীর এই ঘোষণাটি সামনে আসে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে, কৌশলগত জলপথটি অবৈধভাবে অতিক্রম করার অভিযোগে ইরানের নৌবাহিনীর সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে জাহাজগুলিকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা করা হয়।