রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি । ফলাফলের স্পষ্ট চিত্র সামনে আসতেই নয়া রাজ্য গঠন নিয়ে তৎপর ও সতর্ক বিজেপি ৷ অন্যান্য ক্ষেত্রের এবার মতো কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারি প্যানেলভুক্ত আইনজীবীদেরও স্বাভাবিকভাবেই পরিবর্তন করা হবে । রাজ্যে পালাবদলের পরই আজ বিষয়টি নিয়ে বিজেপি সমর্থিত আইনজীবী সুস্মিতা সাহা দত্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন । এই বিষয়ে তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটেছে । ফলে বিগত সরকারের তালিকাভুক্ত আইনজীবীদের পরিবর্তন হবে । নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে সপ্তাহ তিনেক সময় প্রয়োজন । তাই আদালতের কাছে আবেদন এই মুহূর্তে আদালত যেন রাজ্য সরকারের পক্ষে বা বিপক্ষে কোনও মামলার রায়দান না করেন । পাশাপাশি রাজ্য সরকার সংযুক্ত মামলাগুলি যেন বিচারাধীন রাখা হয় । এই আবেদনের পর প্রধান বিচারপতি সুজয় পাল আবেদন বিবেচনা করার আশ্বাস দিয়েছেন । তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়েছে সোমবার । ফলে এতদিন যারা রাজ্যের প্যানেলভুক্ত আইনজীবী ছিলেন সেখানে নবনির্মিত বিজেপি সরকারের প্যানেলভুক্ত আইনজীবীরা আসবেন । তাই যতদিন না এই নতুন প্যানেল গঠিত হচ্ছে ততদিন রাজ্যের সঙ্গে সংযুক্ত মামলায় নির্দেশ না দিতে আর্জি হাইকোর্টের প্রধান বিচারপতিকে ৷ রাজ্যে সরকার পরিবর্তনের আবহের মধ্যেই গুরুত্বপূর্ণ সরকারি নথি রক্ষায় কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন । নবান্ন থেকে যাতে কোনওভাবেই কোনও গুরুত্বপূর্ণ ফাইল বা নথি সরিয়ে ফেলা বা নষ্ট করা না-হয়, সে বিষয়ে ফল ঘোষণার দিন অর্থাৎ, সোমবারই কড়া নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা । সোমবার, 4মে জারি করা এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়, নথির কোনওরকম ক্ষতি হলে বা তা খোয়া গেলে সংশ্লিষ্ট দফতরের প্রধানদেরই ব্যক্তিগতভাবে দায়ী করা হবে ।

