স্বাধীনতা দিবসে কলকাতায় ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবায় কাটছাঁট করা হচ্ছে । ওইদিন সরকারি ছুটির জন্য এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না ৷ 15 অগস্ট ​ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে সারাদিনে মোট 194টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আপ এবং ডাউন লাইনে চলবে 97টি করে। স্বস্তির বিষয় হল, দিনের প্রথম এবং শেষ মেট্রো ছাড়ার সময়ে রদবদল করা হয়নি ৷ অন্যদিকে, ​গ্রিন লাইন অর্থাৎ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ / হাওড়া ময়দান–এসপ্ল্যানেড পর্যন্ত কমানো হয়েছে ট্রেনের সংখ্যা। ওই দিন এই লাইনে মোট 148টি ট্রেন চলবে। এর মধ্যে 74টি করে আপ এবং 74টি ডাউন ট্রেন থাকবে ৷ এই লাইনেও দিনের প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে । ইয়েলো লাইন, অর্থাৎ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত স্বাভাবিক দিনের মতো 92টি ট্রেন চলবে । এর মধ্যে আপ এবং ডাউন লাইনে পরিষেবা দেওয়া হবে 46টি করে ট্রেন চালিয়ে ৷ জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরামগামী সরাসরি মেট্রো পরিষেবার ক্ষেত্রে সামান্য পরিবর্তন হবে ৷ সাধারণ দিনে পাঁচটি সরাসরি ট্রেন থাকলেও 15 আগস্ট তা কমে হবে চার ৷ ​পার্পল লাইন, অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এই লাইনে পরিষেবা একদম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ এছাড়া, ​অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত স্বাধীনতা দিবসে কোনও ট্রেন চলাচল করবে না।