স্বাধীনতা দিবসে রাজ্য পুলিশের অফিসারদের বিশেষ সম্মান জানাতে চলেছে সরকার । নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান এবং সাহসিকতার স্বীকৃতি স্বরূপ পুলিশকর্তাদের হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর পুলিশ পদক । 15 অগস্ট রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে রাজ্যের মোট 13 জন আইপিএস অফিসারের হাতে এই বিশেষ সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী । পুলিশ প্রশাসনে অত্যন্ত ভালো কাজ এবং নিষ্ঠার জন্যই মূলত এই পদক দেওয়া হয়ে থাকে । নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক মূল্যায়নের পর দু’টি বিভাগে এবার পদক প্রদান করা হবে । একটি হল আউটস্ট্যান্ডিং সার্ভিস বা অসামান্য কাজের স্বীকৃতি, অন্যটি কমেন্ডেবল সার্ভিস বা প্রশংসনীয় কাজের । অপরাধ দমন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা, সবেতেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া অফিসারদেরই এই মেডেলের জন্য চূড়ান্ত করা হয়েছে । রাজ্য প্রশাসন সূত্রে খবর, আউটস্ট্যান্ডিং সার্ভিস বা অসামান্য কাজের জন্য এ বছর মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের ছ’জন আইপিএস অফিসার । এই বিশেষ সম্মান প্রাপকদের তালিকায় একেবারে প্রথমেই রয়েছেন আইপিএস অজয় কুমার । এছাড়াও রয়েছেন পুলিশের আরেক আধিকারিক নীরজ কুমার সিং । উল্লেখযোগ্যভাবে আউটস্ট্যান্ডিং সার্ভিস মেডেলের জন্য মনোনীত হয়েছেন দময়ন্তী সেন । রাজ্য পুলিশের অত্যন্ত পরিচিত এবং দক্ষ মুখ হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে । তাঁর সঙ্গেই এই সার্ভিসের জন্য পদক পাচ্ছেন আইপিএস জয়রামন । এই বিশিষ্ট সম্মানের তালিকায় নাম রয়েছে প্রণব কুমার এবং কুণাল আগরওয়ালেরও । দীর্ঘ কর্মজীবনে নিজেদের কাজের জায়গায় অসাধারণ দক্ষতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার কারণেই তাঁদের এই সম্মানের জন্য বেছে নিয়েছে রাজ্য প্রশাসন । অন্যদিকে, কমেন্ডেবল সার্ভিস বা প্রশংসনীয় কাজের জন্য মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন মোট সাতজন আইপিএস অফিসার । এই মেডেল প্রাপকদের তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম হল কংকর প্রসাদ বারুই । রাজ্য পুলিশের অন্দরে একজন দক্ষ আধিকারিক হিসেবে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে । তাঁর সঙ্গেই এবারের স্বাধীনতা দিবসে এই সম্মান পাচ্ছেন সুনীল কুমার যাদব এবং রাঠোর অমিতকুমার ভরত । পাশাপাশি, বিগত দিনগুলিতে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রাপকদের তালিকায় রয়েছেন সূর্যপ্রতাপ যাদব পুষ্পা । এছাড়াও কমেন্ডেবল সার্ভিসের জন্য মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন অংশুমান সাহা, শচীন মক্কর এবং ডক্টর অরবিন্দ কুমার আনন্দ । সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে পুলিশি পরিষেবাকে আরও দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই অফিসারদের ভূমিকা বিশেষ প্রশংসনীয় । সাধারণত প্রতিবছর স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী পুলিশ অফিসারদের পুরস্কার দিয়ে থাকে । জাতীয় পতাকা উত্তোলনের পর এবং রেড রোডে কুচকাওয়াজের আগে মুখ্যমন্ত্রী এই পদক দেন ।

পুলিশ কর্তাদের মনোবল বাড়াতে এবং তাঁদের কাজের প্রতি আরও উৎসাহ জোগাতেই এই প্রথা । প্রশাসনিক মহলের মতে, এই সম্মান শুধুমাত্র নির্দিষ্ট অফিসারের নয়, গোটা পুলিশ বাহিনীর জন্যই অত্যন্ত গর্বের একটি বিষয় । শীর্ষকর্তারা পুরস্কৃত হলে নিচুতলার পুলিশ কর্মীরাও নিজেদের দায়িত্ব পালনে আরও উদ্বুদ্ধ হন । কঠোর প্রশাসনিক মূল্যায়নের পরেই যোগ্য অফিসারদের এই সম্মান প্রদান করে রাজ্য সরকার ।