নিজের অবস্থানেই অনড় রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার কালীঘাটে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকেও তৃণমূলনেত্রী জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন না৷ রাজ্যপাল তাঁকে চাইলে বরখাস্ত করতে পারেন বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন কালীঘাটে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ তৃণমূলের ৮০ জন জয়ী বিধায়কের মধ্যে ৬৯ জন বুধবার বিকেলের এই বৈঠকে যোগ দিয়েছিলেন৷ সেই বৈঠকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক৷ আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন। সূত্রের খবর, পদত্যাগ না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূলনেত্রী জানিয়েছেন, প্রতিবাদ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ বিষয়টি ব্যাখ্যা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন, এই নির্বাচনে জোর করে আমাদের জনরায় ছিনিয়ে নিয়েছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদের এটিই হলো নিজস্ব ধরন।