ফের আমেরিকায় বন্দুকবাজের হামলায় প্রাণ গেল অন্তত দুই শিশুর ! বুধবার মিনেসোটা প্রদেশের মিনিয়াপলিসের একটি ক্যাথলিক স্কুলে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় কমপক্ষে ২ জন শিশু নিহত হয়েছে, এবং ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে তদন্তকারীরা ঘটনাস্থলে রয়েছেন।গভর্নর টিম ওয়ালজ এই ঘটনাকে “ভয়াবহ” বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে শিশু এবং শিক্ষকদের স্কুলের প্রথম সপ্তাহটি এই ভয়াবহ ঘটনা ক্ষতিগ্রস্ত করেছে। গভর্নর তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন, “আমি আমাদের শিশু এবং শিক্ষকদের জন্য প্রার্থনা করছি যাদের স্কুলের প্রথম সপ্তাহ এই ভয়াবহ হিংসার কারণে কলঙ্কিত হয়েছে। মিনেসোটা গভর্নর সংবাদমাধ্যমকে বলেন, “হামলাকারী বন্দুকবাজের মৃত্যু হয়েছে। এখন আর কোনও ভয় নেই।” মিনেসোটা সরকারের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ মিনিয়াপলিস ক্যাথলিক হাইস্কুলে ঢুকে গুলিবর্ষণ শুরু করে এক বন্দুকধারী। এই ঘটনায় গুরুতর আহত হয় পাঁচ স্কুল পড়ুয়া শিশু। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর পরে স্কুলের পাশের একটি চার্চেও ওই বন্দুকবাজ হামলা চালায়। সেখানে দু’জনের মৃত্যু হয়। এই হামলায় বেশ কয়েক জন আহত হন।স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুলি চালানোর সময় এই স্কুলের শিশুরা সকালের প্রার্থনায় অংশ নিচ্ছিল। এই স্কুলটি ক্যাথলিক চার্চের সঙ্গে সম্পর্কিত এবং মিনিয়াপোলিসের দক্ষিণ-পূর্ব আবাসিক এলাকায় অবস্থিত। যে ক্যাথলিক স্কুলে গুলি চালানো হয়েছে, সেখানে প্রি-স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিশুরা পড়াশোনা করে। এখানে প্রায় 395 জন শিশু পঠনপাঠন করে।