banganews.net

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় রণতরীর সঙ্গে ধাক্কা লাগে পাকিস্তানের যুদ্ধজাহাজের ৷ আরব সাগরে গতকালের এই ঘটনার পর বুধবার বিদেশ মন্ত্রক নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের পাক চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করে ৷ পাক কূটনীতিককে বিদেশ মন্ত্রক পরামর্শ দিয়েছে, তিনি যেন দেশের সামরিক বাহিনীকে যথোপযুক্ত সতর্কতা অবলম্বন করার বার্তা দেন ৷ এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রক জানিয়েছে, সমুদ্রে পাকিস্তানের নৌবাহিনীর এই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় বলে প্রতিবাদ জানিয়েছে ভারত ৷ পাক নৌবাহিনীর যুদ্ধজাহাজ যেভাবে ভারতীয় রণতরীকে ধাক্কা মেরেছে, তা অপেশাদার ৷ বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনায় গুরুতর কোনও ক্ষয়ক্ষতি হয়নি ভারতের ৷ 1991 সালের সামরিক মহড়া সংক্রান্ত ভারত-পাক চুক্তির 10 নম্বর ধারা সরাসরি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে পরামর্শ দেওয়া হয়েছে, তিনি যেন সংশ্লিষ্ট পাক কর্তৃপক্ষকে জানিয়ে দেন, দেশের সব সামরিক বাহিনীরই সতর্কতা অবলম্বন করা উচিত ৷ এই ধরনের ঘটনা যেন আর না-ঘটে, তার জন্য দু’পক্ষের মধ্যে এই সংক্রান্ত যে চুক্তি হয়েছে, তা যেন মেনে চলে পাক সেনার সব বিভাগ ৷ একইভাবে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারের চার্জ ডি’অ্যাফেয়ার্সকেও নির্দেশ দেওয়া হয়েছে, তিনিও পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন ৷