গুলি করে খুন করা হয়েছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এক নেতাকে। মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে প্রয়াগরাজের হান্ডিয়া এলাকায়। মৃতের নাম পবন যাদব। পুলিশ সূত্রে খবর, সেখানে এক জনের সঙ্গে কথা বলছিলেন পবন যাদব। সেই সময়ে মোটরসাইকেলে আসা তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর পিঠে গুলি চালিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় পবন যাদব–এর। পুলিশের সন্দেহ,পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। কী কারণে ওই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গেই হামলাকারীদের ধরতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ বলে জানিয়েছেন গঙ্গানগর এলাকার ডিসিপি কুলদীপ সিং গুনাওয়াত। পবন যাদব ছিলেন প্রয়াগরাজ এলাকায় সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল না বলে জানিয়েছেন পরিবারের লোকজন। পবনের ভাই ব্রজেশ যাদব জানিয়েছেন,কেউ একজন ফোন করে ডাকেন পবনকে। ওই ফোন পাওয়ার পরেই বেরিয়ে যান তিনি। কে ওই ফোন করেছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। উত্তরপ্রদেশ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও এই নিয়ে সমালোচনা করেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব। বাইরে থেকে অনেক দুষ্কৃতী সেই রাজ্যে এসেছে বলেও দাবি করেন তিনি। ওই দুষ্কৃতীকে আড়াল করার পাশাপাশি তাদের আশ্রয় দিচ্ছে বিজেপি বলেও অভিযোগ অখিলেশের। পবন যাদবকে খুনের পরে একই অভিযোগ করে উত্তরপ্রদেশে সরকারকে নিশানা করেছেন সমাজবাদী পার্টির মুখপাত্র নিধি যাদব-ও।

