অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার রাতে ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন । এসএসসি-এর প্রকাশিত ‘টেন্টেড’ অর্থাৎ ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় জ্বলজ্বল করছে পানিহাটির বিধায়ক তথা বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম । স্কুল সার্ভিস কমিশনের তালিকায় ‘দাগি’ হিসেবে তাঁর নাম রয়েছে 1269 নম্বরে । আর উত্তর 24 পরগনা জেলার দাপুটে এই তৃণমূল নেতার পুত্রবধূর নাম অযোগ্যদের তালিকায় জায়গা পেতেই এ নিয়ে নির্মল ঘোষের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা । প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং বিধায়ক নির্মল ঘোষকে একজন ‘দুর্নীতিগ্রস্ত’ নেতা বলে নিশানা করেছেন । যদিও এ নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ । তবে বিধায়কের পরিবার সূত্রে খবর, এসএসসি কোন তথ্যের ভিত্তিতে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করল ? তার উত্তর পেতে আদালতের দ্বারস্থ হতে পারেন নির্মলের পুত্রবধূ শম্পা । নবম-দশম, একাদশ-দ্বাদশ ‘টেন্টেড’ শিক্ষকদের তালিকা প্রকাশ করার জন্য এসএসসিকে সাতদিনের সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট । কিন্তু তার আগেই এসএসসি’র আইনজীবী সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দেন, শনিবার তাঁরা 1900 জন ‘টেন্টেড’ শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন । এ নিয়ে দিনভর টালবাহানা চলে স্কুল সার্ভিস কমিশনের দফতরে । শেষে রাত আটটা নাগাদ কমিশন 1804 জন ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে ।