সংশোধিত বিল এনে প্রশ্নপত্র ফাঁসে দোষীদের কড়া শাস্তির জন্য বিল আনছে মোদি সরকার ৷ এবার প্রশ্নপত্র ফাঁস বন্ধে উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার বিকেলে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে তিনি জানান, ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকনির নেতত্বে একটি উচ্চস্তরীয় কমিটি প্রশ্নপত্রের ফাঁস হওয়া রুখতে কাজ করবে ৷ আগামিকাল সংসদের বাদল অধিবেশনে প্রশ্নপত্র ফাঁসে দোষী সাব্যস্তদের জন্য কড়া সাজার বিধান নিয়ে সংশোধিত বিল পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগেই এদিন বিকেলে ভিডিয়ো বার্তায় পরীক্ষা পদ্ধতি সংস্কারে উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠনের কথাটি জানালেন ৷
উচ্চস্তরীয় টাস্ক ফোর্স
নিলেকনি কমিটি পরামর্শ দেবে, কীভাবে যতটা সম্ভব প্রযুক্তির ব্যবহারের দ্বারা পরিচ্ছন্ন ও স্বচ্ছ পরীক্ষার বন্দোবস্ত করা যায় ৷ প্রধানমন্ত্রী ভিডিয়ো বার্তায় বলেন, “নিলেকনি কমিটির মূল উদ্দেশ্যই হবে পরীক্ষা পদ্ধতির সংস্কার ৷ আগামী দিনে পরীক্ষাকে বিশ্বাসযোগ্য করে তোলা নিশ্চিত করতে এই টাস্ক ফোর্স যে প্রস্তাবগুলি দেবে, সেগুলি আমরা কার্যকর করব ৷” তিনি আরও জানান, পড়ুয়াদের উন্নয়নে ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ করেছে ৷ গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেননি ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি বলেন, “যারা পড়ুয়াদের কেরিয়ার নিয়ে খেলেছে, তারা এখন জেলে পচছে ৷” তিনি আরও বলেন, “আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছি ৷ আগামিকাল সংসদে একটি কঠোর আইন পেশ করতে চলেছি ৷ এছাড়া আমাদের ভবিষ্যতের কথাটা ভাবতে হবে ৷ আমাদের পরীক্ষা পদ্ধতিকে কার্যকর, স্বচ্ছ এবং প্রযুক্তি-চালিত করতে আমরা একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি ৷ এই টাস্ক ফোর্সের পাখির চোখ হবে পরীক্ষা পদ্ধতির সংস্কার ৷”
উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের সদস্যরা
দেশের প্রথম সারির আইটি কোম্পানি ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকনি প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে খ্যাত ৷ দেশের আধার কার্ড তৈরির প্রযুক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়ে ৷ তাঁর নেতৃত্বে এই টাস্ক ফোর্সে প্রশ্নপত্র ফাঁস রুখতে কাজ করবেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা ৷
নিলেকনি ছাড়া এই কমিটিতে থাকছেন-
- ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ,
- ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর ডিরেক্টর তপন ডেকা,
- আইআইটি চেন্নাইয়ের ডিরেক্টর ভি কামাকোটি,
- প্রাক্তন শিক্ষা সচিব অনীতা কারওয়াল
- লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মীনা
গতকাল সিজেপির নেতৃত্বে জেন Z আন্দোলনের কাছে মাথা নত করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ শনিবার সিজেপি ও সরকারের তৃতীয় দফতার বৈঠকের আগে দুপুরে ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ এরপর কনস্টিটিউশন ক্লাবে দু’পক্ষের মধ্যে বৈঠক হয় ৷ সেখানে তিনটি মূল শর্তের মধ্যে অন্যতম ছিল পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করা ৷

