ফ্রেন্ডশিপ ডে-র মতোই আড়ম্বরের সঙ্গে ‘হস্তশিল্প দিবস’ পালনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁতি ও হস্তশিল্পীদের পরিবারগুলির পাশে দাঁড়াতে হাতে বোনা পণ্য কেনা ও সোশ্যাল মিডিয়ায় তার প্রচারের বার্তাও দিলেন তিনি। ৭ অগস্ট হস্তশিল্প দিবস। তার আগে বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে ভিডিয়ো বার্তায় মোদী বলেন, ‘অন্তত একটা হ্যান্ডলুম প্রোডাক্ট কিনুন।’ ৭ অগস্টের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯০৫ সালের এই দিনেই স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। সেই কথাও মনে করিয়ে দিয়ে মোদী বলেন, ‘স্বদেশী আন্দোলন গোটা দেশকে এক সুতোয় বেঁধে দিয়েছিল। হয়ে উঠেছিল আত্মনির্ভরতার প্রতীক।’ সেই প্রেক্ষাপটের সঙ্গে তাঁতি এবং তাঁতশিল্পকে মিলিয়ে দিয়ে মোদী বলেন, ‘একটা ছোট ঘরে বসে তাঁতিরা অসাধারণ সুতো আর রেশমি কাপড় বুনে চলেছেন। এই দিনটা তাঁদের সম্মান জানানোর দারুণ সুযোগ।’

