দেশে নির্মিত ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীকে সরবরাহ করবে ভারত ৷ মঙ্গলবার রাজধানী জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ ব্রহ্মস-এর পাশাপাশি অ্যাসট্রা (ASTRA) এয়ার-টু-এয়ার মিসাইস কো-অপারেশন এগ্রিমেন্টও হয়েছে ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে ৷ বিশ্বের দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল হিসাবে গণ্য করা হয় ব্রহ্মসকে ৷ এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ মাচ 2.8 অর্থাৎ 3457.44 কিমি প্রতি ঘণ্টা ৷ ভারী অস্ত্র বহন করে 290 কিমিরও বেশি দূরে অবস্থিত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র ৷ ক্ষেপণাস্ত্র সরবরাহের পাশাপাশি একাধিক ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে-এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ থেকে প্রযুক্তি, খাদ্য সুরক্ষা, ওষুধ এবং জলপথে নিরাপত্তার মতো বিষয় ৷ দ্বিপাক্ষিক বৈঠকের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ সাংবাদিক বৈঠক করেন ৷ প্রধানমন্ত্রী মোদি বলেন, “আজ ভারত ও ইন্দোনেশিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে আদানপ্রদান, বিপর্যয় মোকাবিলা এবং শিল্পে সহযোগিতা প্রসারণের জন্য চুক্তি করেছে ৷” সোমবার প্রধানমন্ত্রী মোদি তিনটি দেশের সফরে প্রথমে ইন্দোনেশিয়ায় পৌঁছন ৷

