পুলিশ ফাঁড়িতে দেদার ভাঙচুর চালালো একদল জনতা। শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লায় এই ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ জানিয়েছে, শতাধিক যুবক এসে হামলা চালায় জাহাঙ্গির মহলা পুলিশ ফাঁড়িতে। গোটা পুলিশ ফাঁড়ি তছনছ হয়ে যায়। ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ শুধু পুলিশ ফাঁড়ি নয়। ফাঁড়ির আশপাশে থাকা কয়েকটি কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পিভি সতীশের নেতৃত্বে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন “পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গিয়েছে ৷ নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা হবে ৷” জানা গিয়েছে, শুক্রবার রাতে হঠাৎই একদল উন্মত্ত জনতা আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ির উপরে চড়াও হয়। প্রথমে তারা ইঁট বৃষ্টি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন কয়েকশো লোক মিলে ইঁট ছুঁড়তে শুরু করে। সংখ্যায় কম পুলিশকর্মীরা প্রাণভয়ে ফাঁড়ি ছেড়ে পালিয়ে যেতেই উন্মত্ত জনতা ফাঁড়ির ভেতর ঢুকে যাচ্ছেতাই ভাবে ভাঙচুর চালায়। চেয়ার-টেবিল থেকে শুরু করে ফাঁড়ির ভিতর যা যা ছিল সব ভেঙে তছনছ করে দেওয়া হয়। বাদ যায়নি কাঁচের দরজা থেকে শুরু করে আসবাব, টিভি, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাও ৷ ইটের আঘাতে কয়েকজন পুলিশকর্মী আহতও হয়েছেন। ঘটনার খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে তারা লাঠিচার্জ করে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে। এরপর ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পিভিজি সতীশ। তবে শুধু পুলিশ ফাঁড়িতেই ভাঙচুর করা নয় ফাঁড়ি সংলগ্ন পাড়া এবং গলি গলিতে বেশ কয়েকটি গাড়িকে ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তা জানার কাজ শুরু করেছে পুলিশ ৷
স্থানীয় কাউন্সিলর ফানসাবি আলিয়া জানান “ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও পরিস্কার নয়। তবে যাই হয়ে থাক না কেন এভাবে আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি। সকলের কাছে অনুরোধ, কেউ বাড়ির বাইরে বেরবেন না ৷ এলাকায় শান্তি বজায় রাখুন ৷” প্রাক্তন কাউন্সিলর সাহিনা পরভিন বলেন, “এভাবে হামলা চালানো অন্যায় ৷ যারা এই কাজ করেছে তাদের সমর্থন করার কোনও প্রশ্ন নেই ৷ পুলিশ নিজের মতো ব্যবস্থা নেবে।”

