সংবিধান সংশোধনের মাধ্যমে আইনসভার আসন সংখ্যা বৃদ্ধি করে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য বিশেষ অধিবেশন বসেছিল সংসদে৷ শুক্রবার লোকসভায় সেই বিল পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার৷ এই নিয়ে শনিবার বিরোধীদের উদ্দেশে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে না পারার ঘটনাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী৷ তিনি জানালেন, কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি এই বিল আটকে দিয়ে ভ্রূণহত্যার মতো কাজ করেছে৷ এদিন রাত সাড়ে 8টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রায় আধঘণ্টা চলে তাঁর এই ভাষণ৷ একেবারে শুরুতেই তিনি বলেন, ‘‘দেশের মা-বোন-মেয়েদের সঙ্গে কথা বলতে এসেছি৷’’ তার পর মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ না হওয়ার ইস্যকে সামনে রেখে বিরোধীদের উদ্দেশে তোপ দাগতে শুরু করেন৷ এই বিল আটকে দেশের কোটি কোটি মহিলার স্বপ্ন বিরোধীরা পিষে দিয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷ এর জন্য তিনি দেশের মহিলাদের কাছে ক্ষমাও চেয়ে নেন৷ উল্লেখ্য, বিল পাশের সময় সংখ্যাগরিষ্ঠতা সরকার পক্ষের কাছেই ছিল৷ কিন্তু সংবিধান সংশোধন করার জন্য দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হয়৷ সেটা না হওয়ায় এই উদ্য়োগ আটকে যায়৷ তার পর থেকেই দেশের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ইস্যু৷ বিরোধীরা এই ঘটনাকে মোদির পরাজয় হিসেবেই ব্যাখ্যা করছে৷ কিন্তু বিজেপি শুক্রবার রাত থেকেই এই নিয়ে বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছে৷ আর বিরোধীরা মহিলা বিরোধী বলে বিজেপির নেতা-নেত্রীরা শনিবার দিনভর সরব হয়েছেন৷ রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রীর মুখে সেই একই কথাই শোনা গেল৷ তিনি অভিযোগ করলেন, বিজেপি ও এনডিএ-র কাছে দেশের ভালোই সবচেয়ে বড়৷ কিন্তু বিরোধী আসনে থাকা কংগ্রেস, তৃণমূল, ডিএমকে ও সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলির কাছে দেশের চেয়ে দলের ভালো করাটাই বড়৷ সেই কারণে দলের স্বার্থে মহিলাদের ভালোর জন্য কোনও কাজ করল না৷ শুক্রবার বিল পাশের পর বিরোধীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, সেই প্রসঙ্গ টেনেও সরব হন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘‘কোটি কোটি মহিলার নজর কাল সংসদে ছিল৷ দেশের নারীশক্তি দেখছিল৷ আমার খুব কষ্ট হল এটা দেখে যে এই প্রস্তাব ব্যর্থ হওয়ার পর কংগ্রেস-সহ বিরোধীরা হাততালি দিচ্ছিল৷ মহিলাদের অধিকার কেড়ে নিয়ে আনন্দ করছিল৷’’ প্রধানমন্ত্রীর মতে, বিরোধীরা যেটা করেছে, সেটা নারীর আত্মসম্মানের উপর আঘাত৷ নারী সব ভুলে যান৷ কিন্তু আত্মসম্মানে আঘাত কখনও ভোলেন না৷ কংগ্রেসের এই ব্যবহার মহিলারা মনে রাখবেন৷ এই নেতাদের দেখলেই দেশের মহিলাদের মনে পড়ে যাবে যে তাঁদের অধিকার আটকে এঁরা আনন্দ করছিলেন৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, মহিলা সংরক্ষণ আটকে যে পাপ বিরোধীরা করেছে, তার ফল ভুগতেই হবে৷ এই বিল আটকানোর জন্য বিরোধীরা সংবিধানের অপমানও করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷ কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি তিনি মহিলা সংরক্ষণের বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ করেন৷ বহু বছর ধরে কংগ্রেস এই কাজ করে আসছে বলে প্রধানমন্ত্রীর অভিযোগ৷ তবে দেশের মানুষ কংগ্রেস-সহ এই দলগুলির স্বরূপ চিনতে পারল বলে দাবি করেছেন তিনি৷ পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রতিটি ভালো কাজেই বাধা দেওয়ার অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদি৷ তিনি আরও জানান, এই বিল পাশ হলে এবং সংবিধান সংশোধন করা গেলে দেশের সমস্ত আঞ্চলিক দলের উপকার হতো৷ কিন্তু কংগ্রেস সেটা হতে দিল না৷ কংগ্রেস এখন আঞ্চলিক দলগুলির উপর সওয়ার হয়ে রাজনীতি করছে৷ কিন্তু তাদের উপকারের জন্য কিছুই করছে না৷ প্রধানমন্ত্রী কংগ্রেস ছাড়াও ডিএমকে ও তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির নাম উল্লেখ করে অভিযোগ করেন যে এই দলগুলি নিজের নিজের রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করল৷