মঙ্গলবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারল পঞ্জাব কিংস। ২২২ রানের পাহাড় গড়েও বোলারদের ব্যর্থতায় হার মানতে হলো প্রীতি জিন্টার দলকে। ডোনোভান ফেরেইরা এবং শুভম দুবের মারকুটে ব্যাটিং রাজস্থানকে এনে দিল স্মরণীয় জয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। ওপেনার প্রভসিমরন সিংহের ৫৯ (৪৪ বল) এবং প্রিয়াংশ আর্যের ১১ বলে ২৯ রানের ইনিংসে ভিত তৈরি হয়। তবে শেষবেলায় আসল ঝড় তোলেন মার্কাস স্টোইনিস। মাত্র ২২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ২২২ রানে পৌঁছে দেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। অধিনায়ক শ্রেয়স ২৭ বলে ৩০ রান করলেও শেষদিকে প্রত্যাশা মতো রান তুলতে পারেননি। ২২৩ রানের লক্ষ্য নিয়ে নেমে রাজস্থানকে দারুণ শুরু এনে দেন ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৬ বলে ৪৩ রানের বিধ্বংসী ইনিংসে (৫টি ছক্কা, ৩টি চার) পঞ্জাব বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন তিনি। সঙ্গী যশস্বী জয়সওয়ালও করেন ২৭ বলে ৫১ রান। মাঝপথে ধ্রুব জুরেল (১৬) এবং অধিনায়ক রিয়ান পরাগ (২৯) দ্রুত আউট হওয়ায় কিছুটা চাপ তৈরি হয়েছিল।
রাজস্থান যখন কিছুটা চাপে, তখনই ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শুভম দুবে এবং ডোনোভান ফেরেইরা খেলার মোড় ঘুরিয়ে দেন। পঞ্চম উইকেটে মাত্র ৩২ বলে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। ফেরেইরা ২৬ বলে ৫২ এবং শুভম ১২ বলে ৩১ রানে অপরাজিত থেকে ১৯.২ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। রাজস্থানের হয়ে যশ রাজ পাঁজা ২ উইকেট নিলেও সবথেকে খরুচে ছিলেন নান্দ্রে বার্গার (৪ ওভারে ৫৯ রান)। পঞ্জাবের কোনো বোলারই রাজস্থানের ব্যাটারদের ওপর সেভাবে প্রভাব ফেলতে পারেননি।

