নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের পর এবার ওয়াও মোমো’র অন্য দুই কর্তাকে গ্রেফতার করল পুলিশ ৷ বৃহস্পতিবার গভীর রাতে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম মনোরঞ্জন সিট এবং রাজা চক্রবর্তী । গ্রেফতার হওয়া ‘ওয়াও মোমো’ সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর ৷ আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে ৷ জানা গিয়েছে, তাঁরা মোমো সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন । অন্যদিকে, এখনও পর্যন্ত ওই গুদামে আগুনে ঝলসে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর ৷ অন্যদিকে, সংস্থার পক্ষে আইনজীবী তানিস হক আদালতে বলেন, “আমাদের কারখানায় দেশলাই পর্যন্ত জ্বালানো হয় না। এখানে শুধুমাত্র শুকনো জিনিস রাখা হয়। অগ্নি নির্বাপণের জন্য ৩৩টি ফায়ার এক্সটিংগুইশার ছিল।” সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আবেদন করা হয়েছে। এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় ডেকরেটার্স সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে বুধবার বারুইপুর আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাঁকে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷ এই ঘটনার একদিন পরেই গ্রেফতার সংস্থার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার ৷ অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ জানতে পুলিশ তদন্ত আরও জোরদার করেছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল । এরই মধ্যে এই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করে পাল্টা বিবৃতি দিয়েছে জনপ্রিয় খাদ্য সংস্থা ‘ওয়াও মোমো’।