ভারতের টেস্ট সহঅধিনায়ক কেন বাকিদের থেকে আলাদা প্রমাণ পেল বৃহস্পতিবারের ওল্ড ট্র্যাফোর্ড ৷ ক্রিস ওকসের বলে আঘাত পেয়ে পায়ের পাতায় যে তাঁর চিড় ধরেছে, তা বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ ৷ তবে পায়ের পাতায় ভয়ানক চোট নিয়েই চতুর্থ টেস্টের দ্বিতীয়দিন ফের ব্য়াট হাতে নামলেন ঋষভ পন্ত ৷ তৈরি হল এক অনন্য দৃষ্টান্ত ৷ অতীতে ব্যান্ডেজ বেঁধে অনিল কুম্বলের চোয়ালচাপা লড়াইয়ের সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিতেট ৷ গত ম্য়াচে বাঁ-হাতের তর্জনীতে আঘাতের পরও ব্য়াট হাতে নেমেছিলেন খোদ পন্তই ৷ কিন্তু এদিন যেন সবকিছু ছাপিয়ে গেলেন ভারতের সহঅধিনায়ক ৷ তিনি যে চলতি টেস্টের বাকি সময়টা উইকেটরক্ষা করতে পারবেন না, সেটা দিনের খেলা শুরু হওয়ার পরই জানিয়ে দেওয়া হয়েছিল বিসিসিআই’য়ের তরফে ৷ পন্তের চোটের আপডেটে বোর্ডের তরফে লেখা হয়, “ম্য়াঞ্চেস্টার টেস্টের প্রথমদিন ডান-পায়ের পাতায় চোট পাওয়ায় ঋষভ পন্ত চলতি ম্য়াচের বাকি সময়টা উইকেটরক্ষা করতে পারবেন না ৷ পরিবর্তে সেই দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল ৷ তবে চোট সত্ত্বেও দ্বিতীয়দিন দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি ৷ দলের প্রয়োজনে ব্য়াট হাতে নামতেও প্রস্তুত তিনি ৷” ব্যক্তিগত স্বার্থের কথা ভুলে দেশের স্বার্থে অল্প সময়ের মধ্যেই সেই প্রয়োজনীয়তা বুঝে মাঠে নেমে পড়েন শুভমন গিলের ডেপুটি ৷ দ্বিতীয়দিন দলের ষষ্ঠ উইকেট পতনের পরই সকলকে চমকে দিয়ে ব্যাটে হাতে খোড়াতে খোড়াতে মাঠে নামেন ঋষভ পন্ত ৷ ম্য়াঞ্চেস্টারে তৈরি হয় দৃষ্টান্ত ৷ উল্লেখ্য, প্রথমদিন 37 রানে আহত ও অবসৃত হয়ে মাঠে ছেড়েছিলেন তিনি ৷ দ্বিতীয়দিন সকালে লম্বা হয়নি রবীন্দ্র জাদেজার ইনিংস ৷ গতকালের সঙ্গে এক রান যোগ করে ব্য়ক্তিগত 20 রানে ফেরেন তিনি ৷ গতদিনের আরেক অপরাজিত ব্যাটার শার্দূল ঠাকুর এগোচ্ছিলেন ভালোই ৷ তবে 41 রানে বেন স্টোকসের বলে স্লিপে বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ আউট হওয়ার আগে অবশ্য ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ষষ্ঠ উইকেটে 48 রান যোগ করে যান তিনি ৷ এদিকে বৃষ্টির কারণে সময়ের আগেই মধ্য়াহ্নভোজের বিরতি নিয়ে নেওয়া হয় দ্বিতীয়দিন ৷ তিনশো রান পেরিয়ে প্রথম সেশন শেষে ভারতের রান ছয় উইকেট হারিয়ে 321 ৷ ক্রিজে 55 বলে 39 রানে ব্য়াট করছেন পন্ত ৷ সুন্দর অপরাজিত 20 রানে ৷ এবার দেখার বিষয় পন্থ এই পরিস্থিতিতে আর কত রান যোগ করতে পারেন।