বিধানসভায় সই জাল মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তাঁর সব মামলা ছাড়লেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেকের বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগরে দিলেন তিনি ৷ তৃণমূল সাংসদের স্পষ্ট বার্তা, “আমি দিদির সঙ্গে আছি ৷ তৃণমূলের সব মামলা লড়ব ৷” তিনি বলেন, “দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, তাহলে আমায় চলে যেতে হবে ৷ পদ থেকে বাদ দিতে হবে ৷ নিজেকে বস বলে মনে করে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির রক্তের সম্পর্ক ৷ কিন্তু আমরা দলের জন্য 40 বছর খেটেছি ৷ আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করলে চলবে না ৷” কল্যাণ জানিয়ে দিলেন, “এত ঔদ্ধত্য আমি নিতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকলে আমি আর এই দলে থাকব কিনা, তা এবার ভেবে দেখতে হবে।” কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া সই জাল মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি ছিল। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে— আজ, বৃহস্পতিবারই অভিষেককে ভবানী ভবনে সিআইডি-র দফতরে হাজিরা দিতে হবে। সেই সঙ্গে উচ্চ আদালত এও সাফ করেছে যে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করলেই কেবল আইনি রক্ষাকবচ বহাল থাকবে।হাইকোর্টের এই শুনানির ঠিক আগেই আকস্মিকভাবে অভিষেকের মামলা থেকে সরে দাঁড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অন্য এক আইনজীবী। তৃণমূলের এই ভাঙনে অভিষেকের আচরণে চটে লাল কল্যাণ।কল্যাণ বললেন, ” মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান।”