উতপ্ত পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং ৷ রাজ্যে বুলডোজ়ার অভিযানের পাশাপাশি আরও কয়েকটি বিষয়ের প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তায় নামেন। ক্রমশ সেই বিক্ষোভ বড় আকার নেয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ। ভিড়কে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ সূত্রের খবর, দুপুরের পর থেকেই পার্ক সার্কাস মোড়ে ছোট ছোট দলে জমায়েত শুরু হয়। পরে বিক্ষোভকারীরা সাত মাথার মোড়ে উপস্থিত হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। রাজ্য প্রশাসনের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই তাঁরা রাস্তায় নামেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ তৈরি হওয়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটে। যদিও পুলিশ জানিয়েছে, সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়নি ৷ তবে কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয় পার্ক সার্কাস থেকে শুরু করে এজেসি বোস রোড সংলগ্ন এলাকায়।