বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন ৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিকান্দার খাঁ ওরফে সায়ন । সোমবার রাত ৯টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন সিকান্দার ৷ সেই সময় পিছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগে সরব তৃণমূল ও বিজেপি । গত এক বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রাম । গত ২ মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলেছিল । সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন । সেই ঘটনার ৬ মাস যেতে না-যেতেই এবার ফের গুলিতে খুন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ৯টা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে ৷ সেই সময় একাই ছিলেন তিনি ৷ চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচখালের পাড়ে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা । ৩ রাউন্ড গুলি চলে । সিকান্দারের পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়েন ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ এরপরই এলাকায় চাঞ্চল্য় ছড়িয়ে পড়ে । স্থানীয়দের অনুমান, এটা পরিকল্পিত খুন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে সোনামুখী থানার পুলিশ ৷ এদিকে, দলীয় নেতার মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে উপস্থিত হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায় উপ-পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল নেতারা। মৃতের আত্মীয় সিন্টু শেখ বলেন, “বাড়ি আসার সময় গুলি করে খুন করা হয়েছে সিকান্দারকে ৷ আমরা খবর পেয়ে গিয়ে দেখি বাইক থেকে ছিটকে দূরে পড়ে রয়েছে ৷ তৃণমূল করত বলে গুলি করেছে সিপিএম ও বিজেপি ৷ ভোটের ফলাফলে সবসময় আমরা লিডে থাকি ৷ আর জামাইবাবু দলের হয়ে অনেক কাজ করত ৷” তৃণমূলের দাবি, আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভায় নিশ্চিত হার বুঝতে পেরে সিপিএমকে সঙ্গে নিয়ে এই খুন করেছে বিজেপি । তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, “এই ঘটনায় বিজেপি বিধায়কের মদত রয়েছে ৷” অভিযোগ উড়িয়ে বিজেপি বিধায়কের দাবি, এই খুনের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।