লোধা সম্প্রদায়ের এক শবর বধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল ২ জন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে লালগড় থানার পূর্ণাপানি গ্রাম পঞ্চায়েতের করমশোল গ্রামে। তাদের মধ্যে পতিত ভুঁইয়া পূর্ণাপানি বুথের বিজেপি-র সহ-সভাপতি ও রাজু ভুঁইয়া বিজেপি-র সক্রিয় কর্মী বলে পরিচিত। অভিযোগ, শুক্রবার রাত নটা নাগাদ এই দু’জন ওই মহিলার বাড়িতে ঢোকে। সে সময় ওই মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। কাজে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে তারা জোর করে ওই মহিলাকে বাড়ির পিছনের জঙ্গলে তুলে নিয়ে যায়। এরপর দু’জন মিলে সেখানে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলাকে জঙ্গলের মধ্যে ফেলে চলে যায় দু’জনে। তিনি কোনওরকমে বাড়ি পৌঁছে স্বামীর কর্মস্থলে গিয়ে সবকিছু জানান। এরপর গ্রামের সবাইকে ডেকে তাঁর স্বামী সমস্ত ঘটনা জানালে, সেখান থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। রাতেই লালগড় থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত দু’জনকে তাদের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। দু’জনকেই ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

