UPI ট্রানজাকশনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন ৷ এবার থেকে UPI এর মাধ্যমে কাউকে টাকা পাঠালে সেই টাকা সঙ্গে সঙ্গে পৌঁছবে না ৷ 1 ঘণ্টা পর সেই টাকা ক্রেডিট হবে উপভোক্তার অ্যাকাউন্টে ৷ নতুন এই নিয়ম লাগু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ টাকা ট্রান্সফারের ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় মাধ্যম UPI ৷ শুধুমাত্র ফোন নম্বর, UPI আইডি অথবা QR কোডের মাধ্যমেই টাকা ট্রান্সফার করা সম্ভব হয় ৷ সেক্ষেত্রে IFSC কোড বা অন্য কোনও অ্যাকাউন্ট নম্বর দেওয়ার প্রয়োজন নেই ৷ দিনে সর্বাধিক 1 লাখ টাকা এবং সর্বাধিক 20 টি পর্যন্ত ট্রানজাকশন করা যেত ৷ কিছু ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যনও পাঠানো সম্ভব ৷ কিন্তু সেই নিয়মে এবার পরিবর্তন হতে চলেছে ৷ এবার থেকে 10 হাজার টাকার বেশি হলেই সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা সম্ভব হবে না ৷ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এবার থেকে 10 হাজার টাকার বেশি UPI লেনদেন করতে হলে 1 ঘণ্টা বাফার টাইম থাকবে ৷ অর্থাৎ ধরে নিন আপনি অপর কোনও ব্যক্তিকে 15 হাজার টাকা পাঠাবেন ৷ সেক্ষেত্রে আপনার ফোনের UPI প্ল্যাটফর্ম থেকে টাকা সেন্ড করার 1 ঘণ্টা পর উপভোক্তা বা গ্রাহক তাঁর অ্যাকাউন্টে সেই টাকা পাবেন ৷ কিন্তু 10 হাজার টাকার কম পাঠালে তা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ৷ RBI জানিয়েছে, ডিজিট্যাল লেনদেনে প্রতারণার সংখ্যা প্রায় প্রতিদিন বেড়েই চলেছে ৷ OTP হাতিয়ে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁক করে দেওয়া থেকে শুরু করে ভুয়ো QR কোডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে ৷ ফলে এই ধরনের প্রতারণার সংখ্যা কমাতেই নতুন নিয়ম লাগু করা হচ্ছে ৷ টাকা পাঠানো থেকে শুরু করে গ্রহণ করা পর্যন্ত যে একঘণ্টা সময় পাওয়া যাবে এর মধ্যে কোনও ব্যক্তি চাইলে ট্রানজাকশন ক্যানসেল করতে পারেন ৷ RBI একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, “সমাজের প্রায় সব ক্ষেত্রের মানুষ বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার সম্মুখীন হন ৷ তারমধ্যে উল্লেখযোগ্য হল App Fraud ৷ নতুন এই পদ্ধতিতে প্রতারণার সংখ্যা কমবে অনেকটাই ৷” ন্যাশনাল সাইবার ক্রাইমের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে প্রায় 22 হাজার 931 কোটি টাকার আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছে সারা দেশে ৷ যা রীতিমতো উদ্বেগের ৷ এবং এই ঘটনা নিয়মিত বেড়েই চলেছে ৷ সেই কারণেই নতুন এই নিয়ম চালু করল RBI ৷

