পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যাল আচমকা স্থগিত । 1 থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত কলা মন্দিরে এই উৎসব আয়োজিত হওয়ার কথা ছিল । সেখানে আমন্ত্রিত ছিলেন বিখ্যাত উর্দু কবি, গীতিকার, ছায়াছবি ও কাহিনী লেখক জাভেদ আখতার । এছাড়াও আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট চিত্রপরিচালক মুজাফফর আলিও । কিন্তু, আচমকায় সেই উৎসব স্থগিত করা হয়েছে । সূত্রের দাবি, গীতিকার জাভেদ আখতারকে নিয়ে দুটি মুসলিম সংগঠন আপত্তি জানায় । কারণ, জন্মসূত্রে মুসলিম হলেও জাভেদ আখতার ধর্মবিশ্বাসী নন । জমিয়তে উলামায়ে হিন্দ ও ওয়াহিয়া ফাউন্ডেশন আপত্তি জানায় । সেই আপত্তির কারণে আপাতত এই উৎসব স্থগিত রাখা হয়েছে । যদিও অফিসিয়ালি এই বিষয়ে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি কোনও কারণ স্পষ্ট করেনি । শুধু স্থগিতের বিষয়টি তাঁরা নিশ্চিত করেছেন । যা নিয়ে ব্যাপক তরজা শুরু হয়েছে । একইভাবে, রাজ্যের বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ‘উদারপন্থী মুসলিম’ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন । সোশাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে । সিপিআই (এমএল) লিবারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আবার এই ঘটনায় ধিক্কার জানিয়ে সমাজের সমস্ত স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে । তাদের যুক্তি, “দেশের প্রথম সারির ধর্মনিরপেক্ষ, ফ্যাসিবিরোধী প্রতিবাদী কণ্ঠ ও জনপ্রিয় কবি ও চিন্তক জাভেদ আখতারের কণ্ঠরোধের লক্ষ্যে ধর্মীয় আস্ফালন ও সরকারি নিষেধাজ্ঞা ।” অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে গিয়ে এসএফআই-সহ 6টি বামপন্থী ছাত্র সংগঠন দিল্লিতে জাভেদ আখতারকে নিয়ে কর্মসূচি করার পরিকল্পনা করেছে । এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন,”পশ্চিমবঙ্গে যে বিষয় নিয়ে জাভেদ আখতারের বক্তৃতা মৌলবাদীদের আপত্তিতে বন্ধ হয়েছে, সেই বিষয় নিয়েই জাভেদ আখতারকে দিল্লিতে বক্তৃতা করার আমন্ত্রণ জানিয়েছে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো । আমরা আয়োজন করব সভা, জাভেদ আখতারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে ।”