বিধানসভা নির্বাচনে প্রশাসনিক সমন্বয়কে আরও মজবুত করতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নির্দেশে IAS আধিকারিক বিভু গোয়েলকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বা Additional Chief Electoral Officer হিসেবে নিয়োগ করা হল। এর পাশাপাশি তাঁকে নোডাল অফিসারেরও দ্বায়িত্ব দেওয়া হল। কিছু আজই এই সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে অবিলম্বে তাঁকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। নির্দেশে জানানো হয়েছে যে, অ্যাপলেট ট্রাইব্যুনাল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উচ্চ আদালতের বিচারপতিদের সঙ্গে সমন্বয়ের বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। নির্বাচন কমিশন, অ্যাপলেট ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের মধ্যে যোগাযোগ রাখার কাজ করবেন তিনি। নির্বাচন কমিশনের নির্দেশ ও আপডেট বিচারপতিদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি ট্রাইব্যুনালগুলির পরিকাঠামো, নিরাপত্তা ও লজিস্টিকসের প্রস্তুতি তদারকি করবেন তিনি। এছাড়াও বিভিন্ন জেলার আবেদন সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ করবেন তিনি। সূত্রের খবর যে, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুরোধের ভিত্তিতেই এই নিয়োগ করা হয়েছে। অ্যাপলেট ট্রাইব্যুনালগুলির কার্যক্রম যাতে সুলভ ও স্বচ্ছভাবে পরিচালিত হয় তাই এই পদক্ষেপ বলেই জানানো হয়েছে।
কী কী দায়িত্ব সামলাতে হবে বিভু গোয়েলকে ?
- জারি করা নির্দেশ অনুযায়ী, নতুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে বিভু গোয়েলের প্রধান দায়িত্বগুলি হল—
- নির্বাচন কমিশন, আবেদন ট্রাইব্যুনাল হিসেবে দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের মধ্যে একক সমন্বয়কারী হিসেবে কাজ করা।
- নির্বাচন সংক্রান্ত সমস্ত নির্দেশ ও আপডেট দ্রুত বিচারপতিদের কাছে পৌঁছে দেওয়া।
- ট্রাইব্যুনালগুলির পরিকাঠামো, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতি তদারকি করা।
- নির্বাচন কমিশনের পোর্টালে আবেদন সংক্রান্ত আপলোডের অবস্থা পর্যবেক্ষণ করা।
- বিচারপতিদের সাম্মানিক, কার্যপদ্ধতি ও অর্থপ্রদানের বিষয় সমন্বয় করা।
- বিচারপতিদের অভিযোগ ও প্রশ্নের দ্রুত নিষ্পত্তি করা।
- আবেদন ট্রাইব্যুনালের প্রস্তুতি ও কাজের অগ্রগতি সম্পর্কে উচ্চ আদালতকে অবহিত করা।
এদিকে, অ্যাডজুডিকেশন প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। মোট 60 লক্ষ 6 হাজার 675 জনের নামের মধ্যে আজ দুপুর 12 পর্যন্ত প্রায় 59 লক্ষ 15 হাজার নাম নিষ্পত্তি হয়ে গিয়েছে। তবে বিকেলের মধ্যে এই সংখ্যা বেড়ে প্রায় 60 লক্ষ ছুঁয়েছে বলেই কিছু আগেই জানা গিয়েছে।
অন্যদিকে, বহু প্রতীক্ষিত আপেলেট ট্রাইবুনালও প্রস্তুত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। খুব দ্রুত ট্রাইবুনাল থেকে আবেদনের মামলাগুলির নিষ্পত্তির কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে। ফলে ভোটার তালিকা সংক্রান্ত অনিশ্চয়তা অনেকটাই কাটবে বলেই মনে করা হচ্ছে।

