কলকাতাঃ কলকাতায় ফের চলন্ত বাসে শ্লীলতাহানি। ঘটনার পরই ১০০ ডায়ালে ফোন করে অভিযোগ জানাতেই সঙ্গে সঙ্গে তত্পর হয়ে ওঠে লালবাজার। লালবাজার কন্ট্রোল রুম থেকে খবর পাঠানো হয় শিয়ালদহ ট্রাফিক গার্ডে। ঘটনার ৭ মিনিটের মধ্যে শিয়ালদা স্টেশনে কাছে এনআরএস হাসপাতালের মেন গেটের উলটো দিকে এজেসি বসু রোডে বাসটি থামান কর্তব্যরত পুলিশকর্মীরা। মাত্র ৭ মিনিটেই ওই বাস থেকে হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। তবে বিপদ বুঝে ততক্ষণে বাস থেকে নেমে পালিয়েছে অপরজন। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ধুলাগড়-শিয়ালদা রুটের একটি বাসে হাওড়ার বাকসাড়া থেকে উঠেছিলেন এক মহিলা। অভিযোগ, চলন্ত বাসের মধ্যেই ওয়েলিংটন ক্রশিংয়ের কাছে দুই যুবক তাঁর শ্লীলতাহানি করে। অভিযোগ পাওয়ামাত্রই এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে আর এক অভিযুক্ত পলাতকের।
ফাইল চিত্র।
