ভিয়েতনামে মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে মাঝনদীতে উল্টে গেল যাত্রিবাহী নৌকা। ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ একাধিক। হা লং বে-তে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা জানিয়েছেন, টানা ভারী বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভিয়েতনামের বর্ডার গার্ড এবং নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়ান্ডার সিজ’ নামের নৌকাটিতে ৫৩ জন যাত্রী ছিলেন, যা হঠাৎ ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। একজন প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আকাশ অন্ধকার হয়ে আসে। এ সময় শিলাবৃষ্টি হচ্ছিল। সঙ্গে ছিল মুষলধারে বৃষ্টি ও বজ্রঝড়। ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উল্টে যাওয়া নৌকায় ভেতরে আটকে পড়া ১০ বছর বয়সী ছেলেকে উদ্ধার করা হয়েছে। ভিয়েতনাম নেটকে দেওয়া সাক্ষাৎকারে ছেলেটি জানান, তার বাবা-মায়ের সঙ্গে সে ভ্রমণ করছিল। আমি সাহায্যের জন্য চিৎকারও করেছিলাম। পরে একটি নৌকা এসে আমাকে উদ্ধার করে। ভিএনএক্সপ্রেসকে একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে রয়েছে অন্তত আটজনই শিশু। নিখোঁজদের উদ্ধার অভিযান চলবে।