আগামী দু’দিন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ মৌসুমী অক্ষরেখা সক্রিয়। শুক্রবার রথে ভাসতে পারে অনেক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে ৷ আজ দিনের আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ এটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে এবং উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের উপর দিয়ে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী দু’দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গে বর্ষা এই মুহূর্তে সক্রিয়। ফলে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কেটে গেলেও জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে ৷ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ আজ রথযাত্রার দিন পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ৷ দার্জিলিং ও কালিম্পং জেলাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে ৷ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা ৷ মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বাংলা ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের আগামী 24 ঘণ্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের সমুদ্র উত্তাল থাকবে ৷ ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷

