পহেলগাঁও হামলার পর পাশে দাঁড়িয়েছেন বাংলার মমতা ‘দিদি’। তাই তাঁর কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ধন্যবাদ জানাতে জম্মু ও কাশ্মীর থেকে বাংলায় ওমর আবদুল্লা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত একবার ভূস্বর্গে যাওয়ার আমন্ত্রণও জানান তিনি। পালটা আবার ওমর আবদুল্লাকে দুর্গাপুজোয় আমন্ত্রণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে ওমর আবদুল্লা বলেন, “দিদিকে বলেছি, সুযোগ পেলে একবার কাশ্মীরে আসুন। আমি তো বহুবার অতিথি হয়ে এসেছি বাংলায়। এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে।” তিনি আরও বলেন, “পহেলগাওয়ের ঘটনার পরে কিছুদিন হোটেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল। বিমান চলাচল কমে গিয়েছিল। কিন্তু এবার আবার ঘুরে দাঁড়াচ্ছে কাশ্মীর। দিনে ৫০টা বিমান যেত, তা নেমে গিয়েছিল ১৫-তে, এখন আবার বেড়ে হয়েছে ২০-২৫। কলকাতা থেকেও সরাসরি বিমান চালু হয়েছে। পর্যটকরা আসছেন, অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছেন। কেউ তো বলেননি তাঁরা নিরাপদ বোধ করেননি। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। আমি ফাঁকা কাশ্মীরকে প্রোমোট করতে আসিনি, এসেছি কাশ্মীরের সম্ভাবনাকে ফের জাগিয়ে তুলতে।”

