পহেলগাঁও জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। এবার ২১ জুলাই শহিদ মঞ্চে মমতার গলায় পহেলগাঁও জঙ্গি হামলার ও পরবর্তী অপারেশন সিঁদুর প্রসঙ্গ। কেন ভারত পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারল না? সেই প্রশ্ন তুলে মঞ্চ থেকে নাম না করে মোদি ও তাঁর মন্ত্রিসভাকে বিঁধে বললেন, “আপনারা তো ট্রাম্পের কথায় চলেন। আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট।” একুশের মঞ্চ থেকে বাংলার অস্মিতাকে হাতিয়ার করে বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা। ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো। বাংলা ভাষার অপমান তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে, ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। এর মাঝেই তাঁর মুখে এল পহেলগাঁও প্রসঙ্গ। নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে বলেন, “বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলি প্রম্পটার দেখে দু’টো বাংলা বলবেন? দেশের কী অবস্থা? আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?” প্রসঙ্গত,উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাপ দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন। তখনই প্রশ্ন ওঠে তাহলে কি ট্রাম্পের কথা মতো চলছে মোদি সরকার? একুশের মঞ্চে সেই প্রসঙ্গ উঠে এল মমতার মুখে।

