আইন কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল বুধবার ৷ প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মনোজিতের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা । তাঁদের সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা এবং চিকিৎসকও ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “আদালতের নির্দেশেই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৷” সূত্রের খবর, অভিযুক্তের voice sample বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পর বেশ কিছু বিষয় মিলিয়ে দেখা হবে । কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল । সংশ্লিষ্ট ভিডিয়োয় যে ব্যক্তির গলার শব্দ শোনা গিয়েছে, তার সঙ্গে মনোজিতের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখবেন তদন্তকারীরা । নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন জানিয়েছিল কলকাতা পুলিশ । সেই আবেদনের সাড়া দিয়েই আদালতের নির্দেশে এই ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।