সারা রাজ্যে বিধানসভা ও লোকসভার ভোট চুরি হচ্ছে ৷ ভোট চুরির বিরুদ্ধে সাসারামের মঞ্চ থেকে কমিশনের বিরুদ্ধে তোপ দাগছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ ‘ভোটার অধিকার যাত্রা’র এই মঞ্চে ঐক্যবদ্ধ কংগ্রেস-সহ বিরোধী শিবিরের তাবড় নেতারা ৷ সেই সময় নয়াদিল্লিতে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকে ভোট চুরি শব্দবন্ধের সমালোচনা করছেন ৷ কংগ্রেস সাংসদের অভিযোগকে রাজনৈতিক অভিসন্ধি হিসাবে উল্লেখ করছেন ৷ এই আবহে রবিবার বিকেলে ভোটমুখী বিহারের সাসারাম থেকে শুরু হল ‘ভোটার অধিকার যাত্রা’ ৷ ১ সেপ্টম্বর পর্যন্ত ১৬ দিন ধরে বিহারের ২০টি জেলায় ঘুরবে রাহুলের নেতৃত্বে এই যাত্রা ৷ ১ হাজার ৩০০ কিমিরও বেশি পথ অতিক্রম করবেন তাঁরা ৷ রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল মঞ্চ থেকে বলেন, “সারা রাজ্যে বিধানসভা ও লোকসভার ভোট চুরি হচ্ছে ৷ ওদের শেষ চক্রান্ত, বিহারে এসআইআর করে নতুন ভোটারদের নাম জুড়ে, কিছু ভোটারের নাম বাদ দিয়ে, বিহারের ভোট চুরি করবে ৷ আমরা এই রাজ্যে এসেছি আপনাদের এটা বলতে যে, আমরা এদের ভোট চুরি করতে দেব না ৷ বিহারের জনগণ চুরি করতে দেবে না ৷ কারণ, গরিব, দুর্বলদের কাছে শুধুই ভোট আছে ৷ আর আমরা ভোট চুরি করতে দেব না ৷ নির্বাচন কমিশন যা করছে, সারা দেশ তা জানে ৷” চলতি বছরের শেষ দিকে বিহারে বিধানসভা নির্বাচন ৷ তার আগে ২৪ জুন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ গত ৭ অগস্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা ৷ বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের আওতায় মহাদেবাপুরা বিধানসভায় 1 লক্ষেরও বেশি ভোট চুরির অভিযোগ অনলাইন প্রেজেন্টেশনে তুলে ধরেন কংগ্রেস সাংসদ ৷ সেদিনই তিনটি কর্ণাটক, মহারাষ্ট্র ও হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকরা তাঁকে হলফনামাতে স্বাক্ষর করে অভিযোগের বিপুল নথি কমিশনের কাছে হস্তান্তর করতে বলে ৷ রাহুল অবশ্য কোনও হলফনামায় স্বাক্ষর করতে রাজি হননি ৷ এদিনের মঞ্চে কংগ্রেস ছাড়াও হাজির ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আরজেডি প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব, সিপিআই(এম)-এর সুভাষিনী আলি, সিপিআই নেতা সন্দোষ কুমার, সিপিআই(এমএল) লিবারেশন-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক (ইন-চার্জ কমিউনিকেশনস) জয়রাম রমেশ সোশালম মিডিয়া পোস্টে লেখেন, “রূপান্তরমূলক ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার পর রাহুল গান্ধি এবার ইন্ডিয়া শিবিরের অন্য দলগুলির সঙ্গে ভোটের অধিকার যাত্রার সূচনা করলেন ৷ বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর মাধ্যমে বিহারের লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার ছক কষেছে বিজেপি ৷ দেশজুড়ে ভোট চুরি হচ্ছে ৷ এই পরিস্থিতিতে এই যাত্রা শুরু হয়েছে ৷” এর আগের প্রত্যেকটি যাত্রা যেমন মানুষকে আস্থা জুগিয়েছে, এই যাত্রাতেও তেমনটাই হবে বলে মনে করেন প্রবীণ কংগ্রেস নেতা ৷

