শেষমেষ রুফটপ রেস্তোরাঁ ও পানশালা নিয়ে জট কাটল । আসন্ন দুর্গাপুজোর আগেই খুলে যাবে রুফটপ রেস্তোরাঁ ও পানশালা ৷ যদিও তার জন্য মানতে হবে একাধিক শর্ত ৷ তবেই তা খোলা যাবে ৷ বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম ৷ মেয়রের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, জাবেদ খান, প্রদীপ মজুমদার । এছাড়াও ছিলেন কলকাতা কর্পোরেশনের কমিশনার ধবল জৈন, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা-সহ একাধিক দফতরের আধিকারিকরা । শহরে ছাদ রেস্তোরাঁ বা পানশালা কীভাবে চলবে বা তার ভবিষ্যত কী হবে সেই নিয়েই আলোচনা হয় ও স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর (SOP) তৈরি হয় । এদিন বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান, ইতিমধ্যে শহরজুড়ে যে ছাদ রেস্তোরাঁ বা পানশালা আগে থেকে আছে সেগুলো থাকবে । শহরে নতুন করে আর কোনও রুফটপ রেস্তোরাঁ বা পানশালার অনুমতি দেওয়া হবে না ৷ কিন্তু রাস্তার দিক থেকে ৫০ শতাংশ ছাদ ছেড়ে রেস্তোরাঁর কাঠামো থাকতে হবে । যাতে আপৎকালীন অবস্থায় মানুষজনকে উদ্ধার কাজ চালাতে কোনও অসুবিধার মুখে না পড়েন দমকলকর্মীরা । সিঁড়ির অংশ সম্পূর্ণ ছেড়ে রাখতে হবে । আর আপৎকালীন সিঁড়ি তৈরি করতে হবে । রুফটপ রেস্তোরাঁয় গ্যাস বা কোনও জ্বালানি তেল ব্যবহার করা যাবে না । আগুন জ্বালানো যাবে না । পরিবর্তে ইলেকট্রিক ইন্ডাকশন বা কুকার জাতীয় জিনিস ব্যবহার করতে হবে । তিনি আরও বলেন, “আবাসিক হোক বা বাণিজ্যিক, কোনও বাড়ির ছাদে আর নতুন রেস্তোরাঁ বা পানশালা করতে দেওয়া হবে না । ইতিমধ্যে যে রুফটপগুলি আছে তাঁরা এই সমস্ত শর্ত মেনে মুচলেকা দিলে ১৫ সেপ্টেম্বর থেকে ব্যবসা চালু করতে পারে । তবে প্রথম ও প্রধান বিষয় 50 শতাংশ ছাড়া বা সিঁড়ি তৈরি কিংবা ইলেকট্রিক ইন্ডাকশন ব্যবহারের মতো বিষয়গুলো পরিকাঠামো তিন মাসের মধ্যে তৈরি করবে বলে মুচলেকা দিতে হবে ।”

