চৌধুরী চরণ সিং বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ মাদক-সহ গ্রেফতার করা হল ব্যাংককের ২ যাত্রীকে ৷ ধৃতদের থেকে ২৪ কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করেছেন ডিরেক্টরেট অফ স্টেট ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর কর্তারা ৷ দিল্লির বাসিন্দা ওই দুই যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে ৷ এই প্রসঙ্গে ডিআরআই-এর তরফে একটি প্রেস নোট প্রকাশ করা হয়েছে ৷ সেই প্রেস নোট অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX ১০৫ নম্বর বিমানে ব্যাংকক থেকে লখনউ এসে নামেন দুই যাত্রী ৷ তাঁদের তল্লাশির পর বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় ৷ জিজ্ঞাসাবাদে, ব্যাংকক থেকে গাঁজা পাচারের কথা স্বীকার করে নেন ধৃত দুই যাত্রী ৷ তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশির পর সবমিলিয়ে মোট ২৩ হাজার ৯৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷ উদ্ধার হওয়া মাদকের বাজারদর প্রায় ২৪ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে ৷ বাজেয়াপ্ত হওয়া মাদক কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল? ধৃত ২ যাত্রী পাচারের সঙ্গে কবে থেকে জড়িত? এর আগে তাঁরা কতবার এদেশে মাদক পাচার করেছেন? এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তদন্তকারীরা জানিয়েছেন, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের আওতায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ বুধবার তাঁদের জেলে পাঠানো হয় ৷ তবে এই প্রথম নয়, সাম্প্রতিক সময়ে লখনউ বিমানবন্দরে সক্রিয় হয়ে উঠেছে মাদক পাচারের চক্র ৷ একাধিক ঘটনা থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ এর আগে এপ্রিল মাসে মাদক পাচারের অভিযোগে দুবাইয়ের এক যাত্রীকে গ্রেফতার করা হয় ৷ উগান্ডার বাসিন্দা সেই মহিলার কাছ থেকে ২৫ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছিল ৷ এবার প্রায় সমমূল্যের গাঁজা উদ্ধার হল ৷