হিজাব বিতর্কে এবার কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের । ওই ঘটনার তথ্যানুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে দিলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য । বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির চেয়ারপার্সন হিসেবে রয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন । কমিটির অন্য সদস্যরা হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স বিভাগের অধ্যাপক সুবর্ণকুমার দাস, যিনি একইসঙ্গে এসসি ও এসটি সেলের লিয়াজোঁ অফিসারের দায়িত্বেও রয়েছেন । অন্যজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের চ্যান্সেলর মনোনীত সদস্য পদ্মশ্রী কাজি মাসুম আখতার। এই ঘটনার উপস্থাপক আধিকারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপ-রেজিস্ট্রার (অতিরিক্ত) ড. উজ্জ্বলকুমার মণ্ডলকে । কমিটি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আগামী ৩০ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিষয়টির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জন্যই এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দুই পড়ুয়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাতে পোস্টার নিয়ে ডিগ্রি প্রদানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । এরপরই বিষয়টি জানিয়ে এবং এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ইমেল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র সংগঠন । তারা জানিয়েছিল, সংগঠনের তরফে জানানো হয়েছে, এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক ।