বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তরবঙ্গ সফরের দিনেই রাজ্যের রাজনৈতিক মহলে বড়সড় চমক । বিজেপি শিবির ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র কুমার বসু । এদিন তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ কীর্তি আজাদ । দলবদলের পরেই বিজেপির বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানান চন্দ্র বসু । তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বিজেপিতে যোগ দেওয়া আমার ঐতিহাসিক ভুল ছিল । আজ তৃণমূলে এসে সেই ভুল সংশোধন করলাম ।” তাঁর অভিযোগ, বিজেপি দেশের সংবিধানের পরিপন্থী পথে হাঁটছে এবং বিভাজনের রাজনীতি করছে, যা নেতাজির আদর্শের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র নেতৃত্বে সর্বধর্ম সমন্বয়ের রাজনীতির প্রশংসা করে তিনি ভবানীপুর কেন্দ্রের প্রসঙ্গ টেনে বলেন, সেখানে মমতার কোনও বিকল্প নেই । এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়েও তীব্র কটাক্ষ করেন ব্রাত্য বসু । তাঁর কথায়, “প্রধানমন্ত্রী এখন বাংলায় এসে অরাজকতার কথা বলছেন, অথচ 860 দিন ধরে জ্বলতে থাকা মণিপুরে যাওয়ার সময় পাননি । ভোটের সময় বাংলায় এসে টর্চ জ্বেলে আগুন খুঁজছেন !” মণিপুরে উগ্রপন্থীদের গুলিতে মালদহের এক বিএসএফ জওয়ানের মৃত্যুর প্রসঙ্গ তুলে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে পরিসংখ্যান তুলে আক্রমণ শানান কীর্তি আজাদ । ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য উল্লেখ করে তাঁর দাবি, নারী নির্যাতনের নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ । সেই সূত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে নিশানা করে তিনি বলেন, “গোরক্ষার নামে রাজনীতি করা হচ্ছে, অথচ সেই রাজ্য থেকেই গোমাংস রফতানি চলছে ।” পাশাপাশি বাংলার মহিলাদের জন্য বিজেপির ইস্তাহারে ঘোষিত 3 হাজার টাকার আর্থিক সহায়তাকে ‘জুমলা’ বলেও কটাক্ষ করেন তিনি । দিল্লি ও বিহারের উদাহরণ টেনে তাঁর দাবি, এই প্রতিশ্রুতিগুলি বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা কম । ডুয়ার্সের এক বিজেপি প্রার্থীর মন্তব্য ঘিরেও এদিন উত্তেজনা ছড়ায় । মহাত্মা গান্ধী এবং ক্ষুদিরাম বসুকে অপমানের অভিযোগ তুলে তৃণমূলের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় । ব্রাত্য বসুর কথায়, “যাঁরা গান্ধিজিকে দেশদ্রোহী বলেন, তাঁরা নাথুরাম গডসের উত্তরসূরি । আর ক্ষুদিরামকে অপমান করা মানে গোটা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা ।” সাংবাদিক বৈঠকের শুরুতেই প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ করে তৃণমূল নেতৃত্ব ।