রাজনৈতিক পালাবদলের পর মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন সরকারি দফতর থেকে উচ্চতর আধিকারিকদের পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে ৷ সেটাই রীতি ৷ তৃণমূল জমানায় এই শীর্ষ আধিকারিক বা পদাধিকারীরা নিযুক্ত হয়েছিলেন ৷ কলকাতা হাইকোর্টেও সেই পালাবদলের প্রভাব পড়তে শুরু করেছে ৷ পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (রাজ্যের মুখ্য আইনি পরামর্শদাতা) কিশোর দত্ত ৷ এদিন তিনি রাজ্যপাল আরএন রবির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন ৷ তৃণমূল সরকারের আমলে দু’বার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন কিশোর দত্ত ৷ এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্য সরকার যখন বেশ ব্যাকফুটে ছিল সেসময় পদত্যাগ করেছিলেন কিশোর দত্ত ৷ সেই জায়গায় দায়িত্ব নিয়েছিলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ 2023 সালের 10 নভেম্বর আচমকা রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি ৷ পরে ফের কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন ৷ পালা বদলের পর এদিন সকালেই বিজেপির লিগাল সেলের পক্ষ থেকে আইনজীবীরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন রাজ্য সরকার সম্পর্কিত সমস্ত মামলায় রায়দান যেন স্থগিত রাখা হয় ৷ প্রধান বিচারপতি সেই আশ্বাস দিয়েছেন ৷ এরপর বেলা বাড়তেই খবর পাওয়া যায় রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত পদত্যাগ করেছেন ৷