রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে ৷ আর বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসতেই পরিবর্তন প্রশাসনিক স্তরেও৷ বদলে গেল কলকাতা পুলিশের সরকারি সমাজমাধ্যমের অ্যাকাউন্টের ফলোয়ার তালিকা । প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আনফলো’ করল তারা । পরিবর্তে ফলোয়ারের তালিকায় এখন রয়েছেন সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রকও । রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তন শুধুমাত্র সমাজমাধ্যমে ‘ফলো-আনফলো’-এর মধ্যে সীমাবদ্ধের ঘটনা নয়, বরং রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তিত সমীকরণের প্রতীক হিসেবেই তা সামনে এসেছে । কারণ, দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সরকারি অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল কার্যত স্বাভাবিক ছবি । কিন্তু বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের কয়েক দিনের মধ্যেই সেই চিত্র বদলে গেল । যদিও নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, “এই বিষয়ে এখন কোনও মন্তব্য করব না ৷” মূলত গত সোমবার অর্থাৎ ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে । ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি । এরপর শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার পাঁচজন সদস্য ৷ সেই আবহেই কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে নজরে আসে এই পরিবর্তন । বর্তমানে কলকাতা পুলিশের সরকারি অ্যাকাউন্ট মোট 42টি এক্স হ্যান্ডল ‘ফলো’ করছে । সেই তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ্যাকাউন্ট, প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর মন্ত্রকের অফিসিয়াল হ্যান্ডল । একই সঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাকাউন্টও রয়েছে সেই তালিকায় । তবে সেখানে আর দেখা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ।

