২১ মে পর্যন্ত ইডি হেফাজত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর। গতকাল রাতেই তাঁকে গ্রেফতার করে ইডি। এরপরেই আজ তাঁকে ইডির বিশেষ আদালতে পেশ করা হয়। সেখানেই সুজিতকে ‘প্রভাবশালী’ বলে উল্লেখ করেন ইডির আইনজীবী। জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন বলেও জানানো হয়। এরপরেই তাঁকে ২১ মে পর্যন্ত ইডির হেফাজতের নির্দেশ দেওয়া আদালত। প্রসঙ্গত, সোমবার ইডির দফতরে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর। গতকাল সকাল থেকেই তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরেও ইডি দফতরেই বসিয়ে রাখা হয় সুজিত বসুকে। গোটা বিষয়টি দিল্লির ইডির সদর দফতরে জানান আধিকারিকরা। আর সেখান থেকে সবুজ সঙ্কেত আসতেই ওইদিন রাত সওয়া ন’টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, সোমবার সকালেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এর আগে, ৬ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে তলব করা হয়েছিল সুজিত বসুকে। তার আগেও অনেকবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিতকে তলব করা হয়েছিল ইডি দফতরে কিন্তু তিনি ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা এড়িয়ে যান তিনি।

