পার্ক সার্কাসে তাণ্ডবের ঘটনা নিয়ে সেখানে দাঁড়িয়ে সোমবার দুষ্কৃতীদের সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ আর তার পর 24 ঘণ্টা কাটতে না-কাটতে তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । সোমবার রাতে পার্ক সার্কাস থেকেই 27 বছরের ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয় । এই ঘটনায় তাঁকে নিয়ে এখনও পর্যন্ত মোট 46 জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর । রাজ্যে নতুন সরকারের প্রশাসনিক কড়াকড়ি, বেআইনি দখল উচ্ছেদ এবং বুলডোজার অভিযানের সিদ্ধান্তকে কেন্দ্র করে রবিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এলাকা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইদিন দুপুরে প্রথমে পার্ক সার্কাস এলাকায় একদল দুষ্কৃতী আচমকাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে । অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জমায়েত করা হয় এবং পুলিশ বাধা দিতে গেলে উত্তেজনা চরমে ওঠে । পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর ইট ছোড়া হয় । ভাঙচুর করা হয় একাধিক গাড়ি । ঘটনায় আহত হন কয়েকজন পুলিশকর্মী এবং অন্তত দু’জন CRPF জওয়ান । ক্রমশ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে । এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী । রাতভর চলে তল্লাশি অভিযান । সিসিটিভি ফুটেজ, ভিডিয়ো এবং স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । সেই তদন্তেই উঠে আসে ফরিদুল ইসলামের নাম । এরপর সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর । এদিকে, সোমবার আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের ডিসি অফিসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সেখানে দাঁড়িয়ে তিনি জানান, রাজ্যে গুন্ডামি বা দুষ্কৃতীচক্রের দাপট কোনওভাবেই বরদাস্ত করা হবে না । পুলিশের উপর হামলাকে অত্যন্ত গুরুতর ঘটনা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আইন নিজের হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।” তাঁর বক্তব্য, “প্রশাসনকে চ্যালেঞ্জ করে কেউ রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টি করলে সরকার চুপ করে বসে থাকবে না ।”এমনকি সোমবার বিকেলেই পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় গিয়ে পুলিশ ও সাধারণ মানুষ-উভয় পক্ষকেই সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থান নেবে । একইসঙ্গে পুলিশের উদ্দেশে তিনি বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না ।”