গত ৪ মে রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশিত হয়েছে। ২০৮ আসন পেয়ে বিজেপি রাজ্যের ক্ষমতায় এসেছে। তুলনায় তৃণমূল কংগ্রেসের ফলাফল বেশ খারাপ – মাত্র ৮০ টি আসন এসেছে তাদের ঝুলিতে। ওইদিন রাতেই আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বেলেঘাটার তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়েক। ঠিক ২৬ দিন পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে ৩৫ নং ওয়ার্ড এলাকার ওই বাড়িতে যান অভিষেক। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথাও শোনেন। ন্যায়ের লড়াইয়ে সমস্ত আইনি সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

