সই-জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজই হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ বৃহস্পতিবার সন্ধে 6টায় সিআইডি তলবে ভবানী ভবনে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ তাঁকে খানিকটা স্বস্তি দিয়েছেন ৷ জানিয়েছেন, আগামী 3 সপ্তাহ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না ৷ এদিন বিচারপতি আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতা করতে হবে ৷ জিজ্ঞাসাবাদের পর তিনি সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন ৷ আগামী দু’সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে ৷ এদিকে সিআইডি’র তরফে জানানো হয়, অভিষেককে হেফাজতে নিলেই আসল সত্য বেরিয়ে আসবে ৷ উল্লেখ্য, বিধানসভায় সই-জাল কাণ্ডে বেশ কিছুদিন ধরেই সিআইডি’র নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি। আগেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ ৷
