রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদে কোনও রদবদল হচ্ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে মনোজ আগরওয়ালের কার্যকালের মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করার প্রস্তাবে সবুজ সংকেত দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের (ডিওপিটি) তরফে বিজ্ঞপ্তি জারি করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। নবান্নের পাঠানো প্রস্তাবে শিলমোহর দিয়ে কেন্দ্র জানিয়েছে, আগামী 1 অগস্ট থেকে আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত মুখ্যসচিবের চেয়ারে বসবেন তিনি। 1990 ব্যাচের এই আইএএস অফিসারের মেয়াদ বৃদ্ধির জন্য গত 15 জুলাই কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগের তরফে সেই আবেদন পাঠানো হয়। সেই প্রস্তাবেই এদিন সায় দিয়েছে নয়াদিল্লি। ‘অল ইন্ডিয়া সার্ভিসেস (ডিসিআরবি) রুলস, 1958’-এর 16(1) নম্বর ধারা মেনে এই মেয়াদবৃদ্ধি মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লির কর্তব্য ভবন থেকে কেন্দ্রীয় সরকারের উপসচিব রাজেশ কুমার যাদবের স্বাক্ষরিত এই নির্দেশিকা নবান্নে এসে পৌঁছেছে। রাজ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ এখন চলছে। এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজে গতি ও ধারাবাহিকতা বজায় রাখতে শীর্ষ পদে রদবদল চায়নি নবান্ন। আমলার অভিজ্ঞতার উপরই ভরসা রেখেছে রাজ্য সরকার। কেন্দ্রের এই অনুমোদনের ফলে 2027 সালের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্য প্রশাসনের রাস থাকছে মনোজ আগরওয়ালের হাতেই। এর আগে 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। রাজ্যে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশংসাও কুড়িয়েছিলেন মনোজ। রাজ্যের সিইও পদে দায়িত্ব সামলানোর আগে আরও অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। কয়েকটি দপ্তরের সচিব হিসেবেও কাজ করেছেন এই দুঁদে আমলা। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেই রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পান তিনি। এবার তাঁর সেই অভিজ্ঞতার উপরেই আরও ছ’মাসের জন্য আস্থা রাখল রাজ্য ও কেন্দ্র।