banganews.net

আট বছরের অপেক্ষা পেরিয়ে অবশেষে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন শুরু হল উত্তর 24 পরগনার অশোকনগরে। শুক্রবার বাইগাছির ওএনজিসি কেন্দ্র থেকে মাটির প্রায় 2396 মিটার গভীর থেকে উঠল অপরিশোধিত খনিজ তেল। সেইসঙ্গে নতুন এই প্রকল্প থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের সূচনা হয়ে গেল। খুলে গেল কর্মসংস্থানের নতুন পথও। ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন 15 থেকে 20 কিউবিক মিটার অর্থাৎ 15 থেকে 20 হাজার লিটার তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাম্পজ্যাক চালু হয়ে গিয়েছে। বিশেষ ট্যাঙ্কারে করে অপরিশোধিত তেল পাঠানো হবে হলদিয়া সংশোধনাগারে। 2018 সালে অশোকনগরের বাইগাছিতে প্রথম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। কিন্তু বিভিন্ন কারণে সেখান থেকে তেল উত্তোলন সম্ভব হয়নি। বছর দুয়েক বাদে ফের তেলের সন্ধান পাওয়া যায়। 2020 সালে পরীক্ষামূলকভাবে 375 ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক তেল উত্তোলনের সূচনা করেন ওএনজিসির ডিরেক্টর ওম প্রকাশ সিনহা এবং অশোকনগরের বিজেপি বিধায়ক চিকিৎসক সুময় হীরা। ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, অশোকনগর তৈলক্ষেত্রে মোট ছ’টি কূপ করা হয়েছে। তার মধ্যে চারটি খনিজ তেলের ও দু’টি প্রাকৃতিক গ্যাসের জন্য নির্ধারিত। ডিরেক্টরের কথায়, “বছর তিনেক আগে যে তেল উত্তোলন হচ্ছিল তাতে কিছু সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে বাইগাছির তেলের গুণমান আগের তুলনায় ভালো। প্রয়োজনীয় তেলের 85-90 শতাংশ এবং গ্যাসের প্রায় 50 শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। আগামিদিনে সেই নির্ভরতা যতটা সম্ভব কমিয়ে দেশের মাটিতেই তেল-গ্যাসের উৎপাদন বাড়ানোই লক্ষ্য নেওয়া হয়েছে। এখানে উত্তোলিত কাঁচা তেলের সঙ্গে জল থাকবে। প্রথমে জল থেকে তেল আলাদা করা হবে। পরে সেই অপরিশোধিত তেল অন্যত্র পাঠিয়ে পরিশোধন করা হবে।” বিজেপি বিধায়ক বলেন, “শুক্রবার থেকে তেল উত্তোলনের কাজ শুরু করল ওএনজিসি। এখানে আরও চারটি খনন হবে। এর ফলে এলাকা তো, বটেই গোটা রাজ্যের সার্বিক উন্নতি হবে।” বাইগাছির অপরিশোধিত তেলের এপিআই গ্র্যাভিটি প্রায় 40-41। গুণমানের বিচারে যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র বম্বে হাইয়ের তেলের সমান গুণের। ফলে আগামিদিনে উত্তোলনের পরিমাণ বাড়াতে পারলে অশোকনগরের মাটির নীচের এই তেল ও গ্যাসের ভাণ্ডার দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।