তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে বুলডোজার চালানোর উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট ৷ রবিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ নির্দেশে জানিয়েছে, জুলাইয়ের শেষ পর্যন্ত অথবা যতদিন না এই মামলার শুনানি হচ্ছে, ততদিন পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে ৷ এর মধ্যে রাজ্যকে সমস্ত নথি আদালতে পেশ করতে হবে ৷ বিচারপতির নির্দেশ,আগামিকাল রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে।
শনিবার বুলডোজার দিয়ে অফিস ভাঙার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মমতা-পন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দক্ষিণ 24 পরগনার আমতলায় তৃণমূল সাংসদের এলাকায় এই পার্টি অফিসটি লিপস অ্যান্ড বাউন্সের নামে রয়েছে ৷ তাঁর অভিযোগ, জমির বৈধ কাগজপত্র থাকার পরও বিজেপি নেতা-নেত্রীদের উপস্থিতিতে পার্টি অফিস ভাঙার কাজ হয়েছে ৷ যদিও প্রশাসনের অভিযোগ, এই নির্মাণ বেআইনি ৷ রবিবার আদালতের হস্তক্ষেপ চেয়ে জরুরি ভিত্তিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷

