সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা। বাতাসের পরিস্থিতি অনুকূল। বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের কারণে অস্বস্তি বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ন’টি জেলায়। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকছে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে বাংলার বিভিন্ন জেলা। এবারের বর্ষার শুরুতে দক্ষিণবঙ্গের উপর সদয় বরুণদেব। তুলনায় উত্তরবঙ্গে কম বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়ে চলেছে। টানা ও পর্যাপ্ত বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে এবং আগামি কয়েকদিনেও পরিস্থিতির বিশেষ বদল হবে না বলে অনুমান হাওয়া অফিসের। ফলে অস্বস্তিকর ভ্যাপসা গরমের অনুভূতি আপাতত নেই। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৪ জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। আগামিকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা- দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না-হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই রয়েছে । উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। বিশেষ করে উপরের দিকে ৫ জেলায় ভারী বৃষ্টি চলবে। নীচের বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর ৷ আজ বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ৷ আগামিকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হবে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে । রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

