৫৮ দিনের মাথায় কসবা গণধর্ষণ-কাণ্ডে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ ৷ শনিবার আলিপুর আদালতে এই ঘটনার চার্জশিট পেশ করা হয় ৷ এবার শুরু হবে বিচারপ্রক্রিয়া ৷ গত জুন মাসের শেষের দিকে কসবার একটি আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৷ ঘটনার পরদিন তিনি কসবা থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগপত্রে মূল অভিযুক্ত হিসেবে কলেজের প্রাক্তন ছাত্র তথা অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রের নাম লেখা হয় ৷ তাঁকে সাহায্য করার জন্য আরও দুই ছাত্রের নাম ছিল অভিযোগপত্রে ৷ তাঁদের নাম জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় ৷ পুলিশের কাছে নির্যাতিতা ছাত্রী জানান, কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে এই ঘটনাটি ঘটে ৷ তদন্তে নেমে মনোজিৎ মিশ্র সহ বাকি দু’জনকে প্রথমে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ তার পর নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ৷ এদিন ওই চারজনের বিরুদ্ধেই চার্জশিট পেশ করেছেন তদন্তকারীরা ৷ লালবাজার সূত্রের খবর, সংশ্লিষ্ট চার্জশিটটি মোট ৬৫০ পাতার । চার্জশিটে মোট ৮০ জনের বেশি সাক্ষীর বয়ান নথিভুক্ত করা রয়েছে । সংশ্লিষ্ট চার্জশিটে একাধিক ধারার উল্লেখ রয়েছে ৷ যেমন গণধর্ষণ-সহ ছাত্রীকে ভয় দেখানো, আটকে রাখা, অপরাধের ভিডিয়ো রেকর্ড করা, সেই ভিডিয়ো মুছে ফেলা-সহ একাধিক তথ্যপ্রযুক্তির ধারাও দেওয়া হয়েছে ।